কিশোরগঞ্জের ইটনায় ২৪৫টি ইয়াবাসহ ছয়জনকে গ্রেপ্তারের ঘটনায় বাদলা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রামিম হাসান ওরফে মানার ভূঁইয়াকে (২২) সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে ছাত্রদলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা ছাত্রদল।
সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে ইটনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন ও সদস্যসচিব ইফতেখারুল আলম সুমনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক গুরুতর শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মানার ভূঁইয়াকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টেও বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার ভোরে ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর গ্রামের একটি আশ্রয়কেন্দ্রে অভিযান চালিয়ে মানার ভূঁইয়াসহ ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, অভিযানে তাদের কাছ থেকে ২৪৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার অন্য পাঁচজন হলেন থানেশ্বর ডোমহাটি এলাকার মনির ভূঁইয়া (২০) ও সারোয়ার (২৭), থানেশ্বর নয়াবাড়ী এলাকার সাব্বির (২০), বর্শিকুড়া দরগাপাড়া এলাকার এশারুল মোল্লা (৩৮) এবং দক্ষিণ বর্শিকুড়া আওগাহাটি এলাকার আরিফ (২৬)। তাদের সবার বাড়ি ইটনা উপজেলায়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার ভোরে থানেশ্বর স্কুল অ্যান্ড কলেজের পাশে বন্যার্তদের জন্য নির্মিত একটি আশ্রয়কেন্দ্রে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

মন্তব্য করুন