দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে এ নির্বাচন শুরু হবে। পঞ্চম ও শেষ ধাপের ভোট হবে ২৭ মে।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, দেশের প্রায় চার হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন পাঁচ ধাপে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী ২০২৭ সালের ২৭ মের মধ্যে সব ধাপের ভোট শেষ হবে।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘চার হাজার তিনশোর মতো ইউনিয়ন পরিষদের নির্বাচন ২০২৭ সালের ২৭ মে মাসের মধ্যে হবে। পাঁচ ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ২১ জানুয়ারি।’
ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোটগ্রহণ হবে ২১ জানুয়ারি। এরপর দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি এবং তৃতীয় ধাপে ২৯ এপ্রিল ভোট হবে।
চতুর্থ ধাপের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ মে। সবশেষ পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পাঁচ ধাপের কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।

মন্তব্য করুন