আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটি পদে দল থেকে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (১১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি।
তিনি বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং তৃণমূল পর্যন্ত এর সাংগঠনিক কাঠামো বিস্তৃত। এ কারণে স্থানীয় সরকার নির্বাচনে দল থেকে যাতে একক প্রার্থী দেওয়া যায়, সেই চেষ্টা করা হবে।
তবে এবারের স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না বলেও জানান চিফ হুইপ। তিনি বলেন, আগে দলীয় প্রতীকে নির্বাচন হলেও এবার সেই ব্যবস্থা থাকছে না।
মো. নূরুল ইসলাম মনি বলেন, বিএনপি চায় স্থানীয় সরকার নির্বাচন ঐক্যবদ্ধ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হোক। একই সঙ্গে নির্বাচনের মাধ্যমে এমন ব্যক্তিরা জনপ্রতিনিধি হিসেবে উঠে আসুন, যারা স্থানীয় সরকারের প্রতিনিধিত্ব করার পাশাপাশি সাধারণ মানুষের কাছেও গ্রহণযোগ্য।
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচনে অংশ নিলে কী ব্যবস্থা নেওয়া হবে—এমন প্রশ্নে তিনি বলেন, সে ক্ষেত্রে দল প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেবে। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি।
দলীয় শৃঙ্খলার বিষয়ে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে উল্লেখ করে চিফ হুইপ বলেন, কোনোভাবেই চাঁদাবাজ ও দখলদারদের বরদাস্ত করা হবে না। বিএনপিতে চাঁদাবাজ ও দখলদারদের কোনো জায়গা নেই।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা রয়েছে বলেও জানান মো. নূরুল ইসলাম মনি।

মন্তব্য করুন