সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বগুড়ার শাহেদ আহম্মেদ ও কুমিল্লার নাসরুল্লাহ বদরপুরী। রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

নিহত মো. শাহেদ আহম্মেদের বাড়ি বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামে। তার বাবা মো. রফিকুল ইসলাম এবং মা মোছা. শাহেরা বেগম।

অপর নিহত নাসরুল্লাহ বদরপুরীর বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামে। তার বাবা মাওলানা মোহাম্মদ উল্লাহ এবং মা জাহানারা বেগম।

রোববার (১১ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, শনিবার বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এর ওপর একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। সে সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা সেখানে অপেক্ষা করছিলেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। শনিবারের এ হামলায় সব মিলিয়ে ১২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুই বাংলাদেশি রয়েছেন। হামলায় তিন শতাধিক মানুষ আহত হয়েছেন।

এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।