সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় ঢাকায় আটটি ফ্লাইটের প্রায় তিন হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন। ফ্লাইট বাতিল ও সময়সূচি পরিবর্তনের কারণে এসব যাত্রী অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
রোববার (১১ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রভাবিত আটটি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি, সৌদিয়া এয়ারলাইন্সের তিনটি এবং রিয়াদ এয়ারওয়েজের দুটি ফ্লাইট রয়েছে। সব মিলিয়ে এসব ফ্লাইটের ২ হাজার ৯৫১ জন যাত্রী পরিস্থিতির আওতায় পড়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রভাবিত ফ্লাইট দুটি হলো ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের বিজি৩৩৯ ও বিজি৩৪০। গত শনিবার (১০ অক্টোবর) অনিবার্য পরিচালনগত কারণ দেখিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট দুটি স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল। একই সঙ্গে যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ করা হয়।
রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় তাদের ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণ করা হচ্ছে। পরিবর্তিত সময়সূচি এবং ফ্লাইটের সর্বশেষ অবস্থা সম্পর্কে পরবর্তী আপডেটের জন্য যাত্রীদের অপেক্ষা করতে বলা হয়েছে।
বিমানবন্দর বন্ধ থাকায় শুধু বাংলাদেশের এয়ারলাইন্সগুলো নয়, সৌদি আরবের সৌদিয়া ও রিয়াদ এয়ারওয়েজের ফ্লাইটও প্রভাবিত হয়েছে। ফলে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন এসেছে।
বেবিচক জানিয়েছে, ফ্লাইটগুলোর নতুন সময়সূচি, যাত্রীদের ভ্রমণ ব্যবস্থাপনা এবং রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম কবে স্বাভাবিক হবে—এসব বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর পরবর্তী ঘোষণার ওপর পরিস্থিতির অগ্রগতি নির্ভর করছে।
এ অবস্থায় যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন