প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের ঠিক আগে স্থগিতের ঘোষণা আসে।
হঠাৎ পরীক্ষা বন্ধের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ওঠেন পরীক্ষার্থীরা। এর প্রতিবাদে রাজধানীর মতিঝিল, মানিক মিয়া অ্যাভিনিউসহ বিভিন্ন সড়কে অবরোধ করেন তারা। পরে মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ের সামনেও অবস্থান নিয়ে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সম্ভাব্য প্রশ্নপত্রের সঙ্গে মূল প্রশ্নপত্রের কিছু অংশের মিল পাওয়া গেছে বলে জানিয়েছে অধিদপ্তর। এ ঘটনায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসার পরই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে ২৪২ জন নিয়োগের জন্য এ পরীক্ষা আয়োজনের কথা ছিল। রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ঘোষণা করা হবে।

মন্তব্য করুন