শরীয়তপুরের ভেদরগঞ্জে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পদ্মা নদীতে অভিযান চালিয়ে দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড। পরে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে সরকার ২২ দিনের জন্য ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত ও কেনাবেচা আইনত নিষিদ্ধ।
সরকারি নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে শুক্রবার পদ্মা নদীর দুলারচর, বাঘাবাড়ীর খাল, বোরকাটি, মরিচাকান্দি, কাচিকাটা, মোল্লাবাজার ও গাজীরটেক এলাকায় অভিযান চালানো হয়। এসব এলাকা থেকে মোট এক লাখ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
অভিযান শেষে ভেদরগঞ্জ উপজেলার চেয়ারম্যান স্টেশন ঘাটে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরান জানান, অভিযানে উদ্ধার করা দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞার পুরো সময়জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ ইলিশ আহরণ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন