পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার (১০ অক্টোবর) নয়াদিল্লির সাউথ অ্যাভিনিউ বাসস্ট্যান্ড এলাকায় সড়কে বসে বিক্ষোভ করার সময় তাকে আটক করা হয়। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তিনি ধর্না দিচ্ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনারের অপসারণ দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা কর্মসূচিতে যোগ দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন মমতা। কর্মসূচিটি শনিবার দিল্লির যন্তর মন্তরে হওয়ার কথা ছিল। তিনি শেষ পর্যন্ত যন্তর মন্তরে যোগ দিয়েছিলেন কি না, তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি।

সংবাদমাধ্যম জানায়, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভের ডাক দেয় সিজেপি। দলটির দাবি, এই সংশোধনের মাধ্যমে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। বিরোধীদের অভিযোগ, এতে ক্ষমতাসীন বিজেপি নির্বাচনী সুবিধা পেতে পারে। তবে নির্বাচন কমিশন ও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।

পুলিশ জানায়, সিজেপির কর্মসূচি ঘিরে শনিবার দিল্লিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি। বিভিন্ন সড়কে ব্যারিকেড বসানো হয়, মেট্রো স্টেশনে বিধিনিষেধ দেওয়া হয় এবং নির্দিষ্ট এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্টরা বলেন, বিক্ষোভ ঘিরে শনিবার দিল্লিতে বহু বিক্ষোভকারী ও নেতাকে আটক করা হয়েছে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককেও আটক করা হয়েছে। আন্দোলনকারীরা প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।