মরহুম বাবা-মায়ের আত্মার মাগফিরাত কামনায় শরীয়তপুরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন তাঁদের পরিবারের সদস্যরা। শুক্রবার (৯ অক্টোবর) শরীয়তপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাবেক কাউন্সিলর ও সমাজসেবক আবদুস সামাদ বেপারী এবং ব্যবসায়ী ও মানবাধিকারকর্মী বিল্লাল হোসেন বেপারীর বাবা-মায়ের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাসির উদ্দীন কালু।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা নেছার আহমেদ। মোনাজাতে মরহুম দম্পতির বিদেহী আত্মার মাগফিরাত এবং তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
পরিবারের সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে আত্মীয়স্বজন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মাহফিলে মরহুম দম্পতির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়।