দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসানের পর জনগণ গণতন্ত্রের স্বপ্ন দেখেছিল। কিন্তু নতুন সরকারও সেই ফ্যাসিবাদের পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

রেজাউল করিম বলেন, ৫ আগস্ট-পরবর্তী নির্বাচিত সরকার জনগণের প্রত্যাশার বিপরীতে অবস্থান নিয়েছে। সামনে স্থানীয় সরকার নির্বাচন আসছে উল্লেখ করে তিনি ওই নির্বাচনে সরকারের বিরুদ্ধে জবাব দিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন।

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ভোট দিতে জনগণকে উৎসাহিত করার আহ্বানও জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির।

শ্রমিকদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিক ও মালিকের মধ্যে সুসম্পর্কের আদর্শ কেবল ইসলামেই রয়েছে। তাঁর মতে, ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া শ্রমিকদের অধিকার বাস্তবায়ন সম্ভব নয়।