প্রধানমন্ত্রী তারেক রহমানের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন। সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক এই নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে গিয়াস উদ্দিন রিমনকে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটে—তিনি এ দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি যুক্তরাজ্যের অ্যাংলিয়া রাসকিন ইউনিভার্সিটিতে ‘প্রিন্সিপাল লেকচারার ইন পুলিশ এডুকেশন’ হিসেবে দায়িত্ব পালন করেন, যা সহযোগী অধ্যাপক পদমর্যাদার সমতুল্য।
সেখানে তিনি কেন্ট ও এসেক্স পুলিশ কলেজের অধীনে শিক্ষানবিশ ও শিক্ষার্থীদের বিএসসি (সম্মান) এবং গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সের প্রোগ্রাম লিডার ছিলেন। একই সঙ্গে ইংল্যান্ডের পূর্বাঞ্চলের সাতটি পুলিশ বাহিনীর ডিগ্রি হোল্ডার এন্ট্রি প্রোগ্রামের (ডিএইচইপি) একাডেমিক প্রধান এবং একাডেমিক সততা বিভাগের দায়িত্বেও কাজ করেছেন।
এর আগে তিনি পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়, লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় ও ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যাপনা ও গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন।
তার কর্মজীবন শুরু হয় সাংবাদিকতা ও পুলিশ সেবার মধ্য দিয়ে। দৈনিক ইনকিলাব ও দৈনিক যুগান্তরসহ কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন তিনি। পরে ২০০৩ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দেন। ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালনকালে ঢাকা মহানগর পুলিশের উত্তরা ও তেজগাঁও জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
পরবর্তী সময়ে আইনি পেশায় যুক্ত হয়ে ২০১৩ সালে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ‘দ্য অনারেবল সোসাইটি অব লিংকনস ইন’ থেকে ব্যারিস্টার-অ্যাট-ল সনদ অর্জন করেন। এরপর দীর্ঘদিন যুক্তরাজ্যে আইনি উপদেষ্টা হিসেবে কাজ করেন তিনি।
শিক্ষাজীবনে গিয়াস উদ্দিন রিমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স (এলএসই) থেকে ‘ক্রিমিনাল জাস্টিস পলিসি’ বিষয়ে এমএসসি ডিগ্রি নেন।
এ ছাড়া যুক্তরাজ্যের নর্থাম্ব্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং ইউনিভার্সিটি অব ল থেকে বার প্রফেশনাল ট্রেনিং কোর্স (বিপিটিসি) সম্পন্ন করেন তিনি। শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ অফিসের ‘চেভনিং স্কলারশিপ’ এবং জাপান সরকারের ‘সাউথ এশিয়ান ইউথ ইনভিটেশন প্রোগ্রাম’-এ অংশগ্রহণের সুযোগ পেয়েছেন গিয়াস উদ্দিন রিমন।

মন্তব্য করুন