মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সাগর ও নদীতে ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে কার্যকর হওয়া এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময়ে সাগর ও সুন্দরবনের নদ-নদীতে ইলিশ ধরা যাবে না।

ডিমওয়ালা মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতেই এ নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য অধিদফতর। নিষেধাজ্ঞার সময় জেলেরা যাতে সাগর ও নদীতে মাছ ধরতে না নামেন, সে জন্য মৎস্য বিভাগ, বন বিভাগ, কোস্ট গার্ড, নৌবাহিনী ও নৌপুলিশের সমন্বয়ে বিশেষ নিরাপত্তা টহল পরিচালনা করা হবে।

এ সময় নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, পরিবহন, মজুদ বা বাজারজাত করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিষেধাজ্ঞা শুরুর আগে সাগর ও নদীতে মাছ ধরতে থাকা জেলেরা বুধবার বিকেলেই তীরে ফিরে এসেছেন।

এদিকে নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের খাদ্য সহায়তা হিসেবে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। সংশ্লিষ্ট এলাকায় নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে ইলিশ জেলের সংখ্যা প্রায় দেড় হাজার। তবে এ সহায়তা পাবেন শুধু নিবন্ধিত প্রায় সাড়ে ১১শ জেলে পরিবার।