ভারতের রাজধানী দিল্লির সিমাপুরি এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে এ ঘটনায় ভবনটির ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দিল্লি ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ভবন ধসের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে উদ্ধার ও তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
ঘটনাস্থলের বিভিন্ন ছবিতে দেখা গেছে, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ ঘিরে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছেন। উদ্ধারকাজে কেউ কেউ খালি হাতে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছেন। আবার অনেকে মোবাইল ফোনে ঘটনাটি ধারণ করছেন।
উদ্ধার অভিযান নির্বিঘ্ন রাখতে ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে দিল্লি ট্রাফিক পুলিশ। ভবন ধসের কারণে সিমাপুরি গোলচত্বর, ডিএলএফ ভোপুরা ও আশপাশের সড়কে যান চলাচলও ব্যাহত হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দিল্লি ট্রাফিক পুলিশ জানায়, সিমাপুরিতে একটি বহুতল ভবন ধসে পড়েছে এবং উদ্ধারকারী দল সেখানে কাজ করছে। অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী যান যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে, সে জন্য সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলের কাছে গাড়ি থামানো, পার্কিং করা বা ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে গত মাসে দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ছাত্রাবাসে দুর্ঘটনায় সাতজন নিহত এবং আরও কয়েকজন আহত হন। ওই ঘটনার এক মাসের মধ্যেই রাজধানীতে ফের ভবন ধসের ঘটনা ঘটল।
তবে সর্বশেষ ভবন ধসের ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন