তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়া এমপি ও বিধায়কদের দলে ফিরে আসার জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন দলের প্রধান ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত সময়ের মধ্যে তারা ফিরে না এলে ভবিষ্যতে দলে আর জায়গা দেওয়া হবে না বলেও সতর্ক করেছেন তিনি।
রোববার (৪ অক্টোবর) উত্তর দিনাজপুরে তৃণমূল কংগ্রেসের এক বড় সমাবেশে মোবাইল ফোনে দেওয়া বক্তব্যে মমতা এ ঘোষণা দেন। বিধানসভা নির্বাচনের পর উত্তরবঙ্গে এটিই ছিল দলটির বড় ধরনের শক্তিপ্রদর্শন।
মমতা বলেন, যেসব এমপি ও বিধায়ককে তৃণমূল নির্বাচিত হতে সহায়তা করেছে, তাদের অনেকেই বিশ্বাসঘাতকতা করেছেন। দল ছেড়ে যাওয়া নেতাদের উদ্দেশে তিনি বলেন, ১৫ দিনের মধ্যে ফিরে এলে তাদের বিষয়টি বিবেচনা করা হবে। এরপর আর তাদের জন্য দলে কোনো জায়গা থাকবে না।
তৃণমূলের পুনর্গঠনে তৃণমূল পর্যায়ের কর্মীদের গুরুত্ব তুলে ধরে মমতা বলেন, নেতারা নন, সাধারণ কর্মীরাই দলের মূল শক্তি। ১৯৯৮ সালে যেভাবে তিনি দলটি গড়ে তুলেছিলেন, সেভাবেই আবার তৃণমূলকে শক্তিশালী করার সক্ষমতা তার রয়েছে বলেও দাবি করেন তিনি।
বক্তব্যে ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধেও সরব হন মমতা। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের প্রধান হিসেবে জ্ঞানেশ কুমার যতদিন দায়িত্বে থাকবেন, ততদিন বিজেপি ক্ষমতায় থাকবে।
একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। মমতার দাবি, তৃণমূল কংগ্রেস ছাড়া বিরোধীদের ইন্ডিয়া জোট শক্তিশালী হতে পারে না। বিজেপিকে মোকাবিলা করতে হলে তৃণমূলকে আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে।

মন্তব্য করুন