খুলনায় জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদরের সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন যুবক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। প্রায় ৪০ মিনিট পর তাকে আবার রিকশায় করে কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়। তবে কারা তাকে নিয়ে গিয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি।

বুধবার (৭ অক্টোবর) বেলা ২টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের খাবারের বিরতিতে কার্যালয় থেকে বের হয়ে একটি রিকশায় ওঠেন তন্ময় কুমার মণ্ডল। এ সময় চারটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক তাকে ঘিরে ধরে।

তাদের মধ্যে দুজন তার সঙ্গে রিকশায় উঠে পড়েন। একজন তার মুখ চেপে ধরেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। কিছু দূর যাওয়ার পর তন্ময়কে মোটরসাইকেলে তুলে নগরীর কালীবাড়ি রোডের একটি দোকানের দিকে নিয়ে যাওয়া হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুলিশ কালীবাড়ি ঘাট এলাকায় অভিযান শুরু করে। প্রায় ৪০ মিনিট পর তন্ময় কুমার মণ্ডলকে আবার রিকশায় করে কার্যালয়ে ফিরতে দেখা যায়। এ সময় তাকে আতঙ্কিত অবস্থায় দেখা যায়।

ফিরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডল বলেন, কয়েকজন যুবক তাকে কালীবাড়ি ঘাটের কাছে একটি দোকানে নিয়ে গিয়ে কিছু কাগজপত্র সঠিক কি না, তা দেখতে দিয়েছেন। কাজ শেষ হওয়ার পর তারাই তাকে রিকশায় তুলে দিয়েছেন। এর বেশি কিছু তিনি বলতে চাননি।

পরে সাংবাদিকরা আবার জানতে চাইলে তন্ময় বলেন, তিনি চাকরি করতে এসেছেন, দুর্নীতি করতে নয়। কোনো দুর্নীতিবাজের সঙ্গে আপস করবেন না বলেও জানান তিনি। একই সঙ্গে অন্যায়ভাবে কারও কাছ থেকে টাকা নেবেন না বলে মন্তব্য করেন।

এদিকে, জনবহুল একটি সরকারি কার্যালয়ের সামনে থেকে সাব-রেজিস্ট্রারকে এভাবে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, কালীবাড়ি এলাকায় ‘বি কোম্পানি’ নামে পরিচিত একটি সন্ত্রাসী গ্রুপের দৌরাত্ম্য রয়েছে। এর আগে বাবা-ছেলে হত্যার ঘটনাতেও ওই গ্রুপের নাম আলোচনায় এসেছিল বলে জানান তারা।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। কিছু সময়ের মধ্যেই সাব-রেজিস্ট্রার ফিরে আসেন। তার ভাষ্য অনুযায়ী, কয়েকজন তাকে কিছু কাগজপত্র দেখার জন্য ঘাট এলাকায় নিয়ে গিয়েছিল এবং পরে ছেড়ে দিয়েছে।

তবে কারা তাকে নিয়ে গিয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।