নাটোরে পুত্রবধূর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে সাহেরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তাকে স্টিলের বালতি ও বল দিয়ে মাথায় আঘাত করার অভিযোগ উঠেছে পুত্রবধূ লাইলী বেগম ওরফে কলির (৩৫) বিরুদ্ধে। ঘটনার পর দুই বছরের শিশুসন্তানকে নিয়ে পালিয়ে গেছেন তিনি।
নিহত সাহেরা বেগম নাটোরের ওই এলাকার মৃত মন্টু মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পারিবারিক বিষয় নিয়ে সাহেরা বেগমের সঙ্গে পুত্রবধূ লাইলীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাইলী স্টিলের বালতি ও বল দিয়ে শাশুড়ির মাথায় আঘাত করেন বলে অভিযোগ। এতে সাহেরা বেগম গুরুতর আহত হয়ে রক্তাক্ত হন।
নিহতের নাতনি সুমাইয়া আক্তার জানান, ঝগড়ার শব্দ শুনে তিনি বাইরে এসে দাদিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে লাইলীকে ঘরে আটকে বাইরে থেকে দরজা বন্ধ করে সাহেরা বেগমকে দ্রুত নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে সাহেরা বেগমকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। পরে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। এ সময় সুযোগ বুঝে লাইলী ঘরের জানালা দিয়ে তার দুই বছরের সন্তানকে নিয়ে পালিয়ে যান বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান। তিনি জানান, এ ঘটনায় নিহতের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে তার স্ত্রী লাইলী বেগমের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত লাইলী বেগমকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

মন্তব্য করুন