শরীয়তপুরে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৬-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। রানার্সআপ হয়েছে নড়িয়া বিহারীলাল সরকারি উচ্চ বিদ্যালয়। আর শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের বিদ্যা দেবনাথ।

বৃহস্পতিবার শরীয়তপুর জেলা শহরের গোলাম হায়দার খান মহিলা কলেজে আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সকাল ১০টায় প্রতিযোগিতা শুরু হয়।

প্রতিযোগিতায় অংশ নেয় মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পালং তুলাশার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়, নড়িয়া বিহারীলাল সরকারি উচ্চ বিদ্যালয়, ইবনে তাসলিমা নাসির স্কুল, ভোজেশ্বর সরকারি উচ্চ বিদ্যালয়, বিহারী উপশী তারা প্রসন্ন সরকারি বিদ্যালয় ও আঙ্গারিয়া সরকারি উচ্চ বিদ্যালয়।

বিচারকের দায়িত্ব পালন করেন গোলাম হায়দার খান মহিলা কলেজের সহযোগী অধ্যাপক দেলোয়ার হোসেন, প্রভাষক সালমান আহমেদ, বিতর্ক সংগঠক জাকির হোসেন আদর, গণমাধ্যমকর্মী শাহীন আলম ও সাইফ রুদাত। সময় সমন্বয়কের দায়িত্বে ছিলেন শাওন বেপারী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক কোহিনুর খানম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ লিয়াকত হোসেন, দৈনিক সমকালের শরীয়তপুর প্রতিনিধি বিপ্লব হাসান ও গণমাধ্যমকর্মী সালাউদ্দিন রুপম।

প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্য এবং শ্রেষ্ঠ বক্তার হাতে পুরস্কার তুলে দেন অতিথি ও বিচারকেরা।

অধ্যাপক কোহিনুর খানম বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তাভাবনা বিকাশে সহায়তা করার পাশাপাশি বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহ বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।