আগামী সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) বৈঠকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করা হবে। এরপর দেশের ইউপি নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ইসি কমিশনার বলেন, কোন সময়সীমার মধ্যে এবং কত ধাপে দেশের ইউনিয়ন পরিষদগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, ১২ অক্টোবরের রোডম্যাপে তার একটি বিস্তারিত রূপরেখা তুলে ধরা হবে।

এদিকে প্রবাসীদের ভোটাধিকার কার্যকরের বিষয়ে আন্তর্জাতিক পর্যায়েও আগ্রহ তৈরি হয়েছে বলে জানান আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, বাংলাদেশের প্রবাসী ভোটিং ব্যবস্থা পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছে নেপাল।

নেপালের নির্বাচন কমিশনও বাংলাদেশের মতো প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার ব্যবস্থা চালু করতে চাচ্ছে বলে জানান তিনি।

এ ছাড়া ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি ও ভোটার প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান নির্বাচন কমিশনার।