শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিশ্চিন্তে ও আনন্দের সঙ্গে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় অবস্থিত সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
হুইপ অপু বলেন, জাতীয় নির্বাচনের পর গত সাত-আট মাসে সনাতন সম্প্রদায়ের মানুষের মধ্যে আগের মতো ভয় কাজ করছে না বলে অনেকেই তাঁকে জানিয়েছেন। তাঁর ভাষ্য, তাঁরা এখন নিশ্চিন্তে ও আনন্দের সঙ্গে বসবাস করছেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের অধীনে এবারই প্রথম দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে ও আনন্দের সঙ্গে উৎসব উদ্যাপন করতে পারেন, সে জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
দুর্গাপূজা উপলক্ষে সরকারি সহায়তা বাড়ানোর কথাও তুলে ধরেন হুইপ। তিনি জানান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি পূজা উদ্যাপন উপলক্ষে অতিরিক্ত এক দিনের সরকারি ছুটির বিষয়টিও উল্লেখ করেন তিনি।
হুইপ অপু আশা প্রকাশ করে বলেন, এবার অন্যান্য বছরের তুলনায় দুর্গাপূজা আরও সুন্দর ও আনন্দময় হবে।
পূজামণ্ডপ পরিদর্শনের সময় তিনি সেখানকার সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি পূজা উদ্যাপন কমিটির নেতাদের এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তাঁদের মধ্যে নগদ অর্থ ও খাদ্যসহায়তাও বিতরণ করেন তিনি।
পরিদর্শনকালে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং পূজা উদ্যাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন