মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে শরীয়তপুরে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মাদকের বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি পরিবার, সমাজ ও যুবসমাজকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় শরীয়তপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বালুচড়া পিটিআই সেন্টারে এ সভার আয়োজন করে স্থানীয় সংগঠন সততা ঐক্য গ্রুপ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম। বক্তব্যে তিনি বলেন, মাদকের আসক্তি একজন মানুষের জীবন বিপর্যস্ত করার পাশাপাশি তার পরিবার ও সমাজের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। এ ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষ, বিশেষ করে তরুণদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় বক্তারা বলেন, তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করা গেলে মাদকের বিস্তার অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। এ জন্য খেলাধুলা, শিক্ষামূলক কার্যক্রম ও সামাজিক উদ্যোগে যুবসমাজের অংশগ্রহণ বাড়াতে হবে। পাশাপাশি মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে পরিবার ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেন তাঁরা।
লেহাজ উদ্দিনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সুমন খান। এতে আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইয়াকুব আলী পাহাড়, সোলাইমান পাহাড়, হাবিব পাহাড়, আলী হোসেন তালুকদার, সততা ঐক্য গ্রুপের সভাপতি বিল্লাল পাহাড়, সাধারণ সম্পাদক আলী পাহাড় ও মিজানুর রহমান পাহাড়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মন্তব্য করুন