গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকা বহনকারী একটি প্রাইভেটকারে হামলা চালিয়ে ক্যাশ ম্যানেজারকে গুলি এবং অন্য কর্মীদের মারধর করে বিপুল পরিমাণ অর্থ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিংগা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকার বনঘেরা স্থানে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাই হওয়া দুটি বস্তায় প্রায় আড়াই কোটি টাকা ছিল।

গুলিবিদ্ধ ব্যক্তির নাম হিমেল (৩৫)। তিনি ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজের অ্যাকাউন্টস ম্যানেজার। হামলায় আহত অপর তিনজন হলেন ভালুকা এন্টারপ্রাইজের শ্রীপুর শাখার ডিসিএম মো. ফাহাদ হোসেন (৩০), মাওনা বিকাশের সুপারভাইজার রিফাত (২০) এবং গাড়িচালক লাল মিয়া (২৫)।

হামলার শিকার বিকাশকর্মীদের ভাষ্য অনুযায়ী, নরসিংদীর বিভিন্ন বিকাশ এজেন্টের কাছ থেকে প্রায় তিন কোটি টাকা সংগ্রহ করে তিনটি বস্তায় রাখা হয়েছিল। পরে ঢাকা মেট্রো-গ ৩৫-০৭০১ নম্বরের একটি প্রাইভেটকারে করে তাঁরা মাওনার দিকে যাচ্ছিলেন।

গাড়িটি শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকার নির্জন স্থানে পৌঁছালে ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাঁদের পথ আটকে দেয়। এরপর গাড়ির কাচ ভেঙে ভেতরে থাকা ক্যাশ ম্যানেজার হিমেলের পেটে গুলি চালায় হামলাকারীরা। তাঁকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে নামানোর পর অন্য কর্মকর্তা ও চালককে বেধড়ক মারধর করা হয়।

একপর্যায়ে গাড়ির ট্রাঙ্কে রাখা টাকা ভর্তি তিনটি বস্তার মধ্যে দুটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই দুটি বস্তায় প্রায় আড়াই কোটি টাকা ছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহত চারজনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনিক সরকার জানান, হাসপাতালে আসা চারজনের মধ্যে একজনের পেটে গুলির ক্ষত রয়েছে। তাঁর অবস্থা বিবেচনায় জরুরি ভিত্তিতে তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, এত বিপুল পরিমাণ টাকা বহনের বিষয়ে বিকাশ কর্তৃপক্ষ আগে থেকে থানায় বা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কোনো তথ্য দেয়নি। এ ছাড়া টাকা পরিবহনের সময় পুলিশের কোনো নিরাপত্তাও নেওয়া হয়নি।

ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইয়ের ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।