দেশজুড়ে আগামী ১২ অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারগুলোর তথ্য সংগ্রহ শুরু হচ্ছে। এ কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে দেশের মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

এ বিষয়ে গত ৮ অক্টোবর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচির পক্ষ থেকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয়ে মসজিদগুলোতে এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মন্দির, প্যাগোডা ও গির্জায় কর্মসূচির বার্তা পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ অক্টোবর থেকে দেশের সব এলাকায় একযোগে খানা বা পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ‘ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে প্রচারের জন্য পাঠানো বার্তায় জানানো হয়েছে, সরকারের প্রশিক্ষিত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করবেন। এসব তথ্য বিশ্লেষণের ভিত্তিতে কোন পরিবারগুলোর সরকারি সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন, তা নির্ধারণ করা হবে।

তথ্য সংগ্রহের সময় পরিবারের প্রকৃত অবস্থা তুলে ধরার আহ্বান জানানো হয়েছে। বার্তায় বলা হয়েছে, কোনো তথ্য বাড়িয়ে বা কমিয়ে দেওয়া উচিত নয়। কারণ, ভুল তথ্যের কারণে প্রকৃত অভাবী পরিবারগুলো সরকারি সহায়তা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হতে পারে।

এ ছাড়া ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করে দেওয়ার বিনিময়ে কেউ টাকা চাইলে বা অর্থের বিনিময়ে কার্ড পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলে তাঁকে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে। তথ্য প্রদান করতে কোনো অর্থের প্রয়োজন হবে না বলেও বার্তায় স্পষ্ট করা হয়েছে।

এ ধরনের প্রতারণার শিকার হলে বা এ বিষয়ে কোনো অভিযোগ থাকলে প্রয়োজনে ১০৯৮ নম্বরে জানানোর কথা বলা হয়েছে।