রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় আটক চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে করা একটি মামলায় আটক চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন আ ন ম আয়াস, মো. সাকিবুল হাসান, মো. সুজন মিয়া ও মারজিয়া খন্দকার রিমি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাঁদের আটক করা হয়েছিল।

ঘটনার সময় রাষ্ট্র সংলাপ ফোরাম নামের একটি সংগঠনের সদস্যসচিব আ ন ম আয়াসসহ কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। পরে তাঁদের মধ্যে চারজনকে আটক করা হয়।

এরপর রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে করা মামলায় ওই চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।