নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরাসহ ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়া যুবককে ধরিয়ে দিতে সহায়তাকারী ও তথ্যদাতাদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত যুবকের চেহারা শনাক্ত হওয়ার পর রোববার (১১ অক্টোবর) সকালে নাটোর রেলওয়ে স্টেশনের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে তার ছবি সংবলিত পুরস্কার ঘোষণার পোস্টার টানানো হয়।

এসআরবি-৫-এর নাটোর ক্যাম্পের কমান্ডার হাফিজ আল আসাদ বলেন, অভিযুক্তকে গ্রেফতারে তাদের অভিযান ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।

নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ, সিআইডি, রেলওয়ে পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা একযোগে কাজ করছেন। গোয়েন্দা তৎপরতাসহ তাকে আটকের জন্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।

তিনি বলেন, অভিযুক্তের বাড়ি অন্য এলাকায় হওয়ায় তাকে শনাক্ত ও গ্রেফতারে কিছুটা সময় লাগছে। তবে তাকে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৮ বছর বয়সী জার্মান নাগরিক ক্রিল গত ৭ অক্টোবর বগুড়ার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন শেষে ট্রেনে সান্তাহার হয়ে নাটোর রেলওয়ে স্টেশনে আসেন।

স্টেশনে হলুদ রঙের ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে ক্রিলের সঙ্গে সখ্য গড়ে তোলে। একপর্যায়ে ওই যুবকের ওপর বিশ্বাস রেখে নিজের ব্যাগ তার কাছে রেখে টিকিট কাটতে যান জার্মান পর্যটক।

টিকিট কেটে ফিরে এসে ক্রিল দেখতে পান, তার ব্যাগসহ ওই যুবক সেখান থেকে পালিয়ে গেছে। ব্যাগে একটি ল্যাপটপ, ক্যামেরাসহ বেশ কিছু মূল্যবান সামগ্রী ছিল।

ঘটনার পর স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্ত যুবককে শনাক্তের চেষ্টা শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তার ছবি শনাক্ত হওয়ার পর তাকে ধরিয়ে দিতে তথ্য ও সহযোগিতার বিনিময়ে পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় এসআরবি-৫।