ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহের সময় ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়া বা বিভ্রান্তি তৈরির চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর মিরপুরের ৪ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক জানান, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও সংরক্ষণের কাজে ১ হাজার ৯১৭ জন দায়িত্ব পালন করবেন। এ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, তথ্য সংগ্রহের সময় কোনো ‘গুপ্ত দলের’ কর্মী ভুল তথ্য দিলে বা কোনোভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ফ্যামিলি কার্ড পাওয়ার ক্ষেত্রে ক্ষমতা বা প্রভাব ব্যবহারের বিরুদ্ধেও সতর্ক করেন তিনি। ডিএনসিসি প্রশাসক বলেন, ক্ষমতার অপব্যবহার করে কেউ ফ্যামিলি কার্ড নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
নগর ব্যবস্থাপনার বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি জানান, অল্প সময়ের মধ্যেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন সড়ক ও ফুটপাত হকারমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
ডিএনসিসি প্রশাসকের ভাষ্য, নগরবাসীর চলাচলের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন ফুটপাত উপহার দেওয়াই তাদের লক্ষ্য।

মন্তব্য করুন