সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দেওয়া এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে সালাউদ্দিন আহমেদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার জন্য সবার কাছে দোয়া চান।

এর আগে মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ।

বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন সালাউদ্দিন আহমেদ। তিনি ঢাকা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন, ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।