কন্যাশিশুর অধিকার নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষার মাধ্যমে তাদের সম্ভাবনা বিকাশের আহ্বানের মধ্য দিয়ে শরীয়তপুরের ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (১২ অক্টোবর) উপজেলা পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, কন্যাশিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এ জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে।
‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাউদ্দিন আইয়ুবী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান, উপজেলা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি কর্মকর্তা লিটন মুন্সি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিল্লু রহমান মধু মীর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর শিক্ষা নিশ্চিত করা, বাল্যবিবাহের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং তাদের প্রতি সব ধরনের বৈষম্য দূর করার ওপর গুরুত্ব দেন। তাঁরা বলেন, কন্যাশিশুর প্রতিভা বিকাশে উপযুক্ত সুযোগ সৃষ্টি করতে হবে। পাশাপাশি তাদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় অভিভাবকসহ সমাজের সব শ্রেণির মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, কন্যাশিশুর বিকাশে বাধা সৃষ্টি না করে তাদের শিক্ষা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ দিতে হবে। তাহলেই তারা নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি একটি উন্নত সমাজ গঠনে অবদান রাখতে পারবে।
অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমি, ডামুড্যার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্তব্য করুন