বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনে নেতৃত্ব দেওয়া তিন নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূতকে সচিব পদমর্যাদায় পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পদোন্নতি পাওয়া তিন কূটনীতিক হলেন ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাই কমিশনার নওরীন আহসান, নিউজিল্যান্ডে বাংলাদেশের হাই কমিশনার সামিনা নাজ এবং গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।
তাদের মধ্যে সামিনা নাজ ও নওরীন আহসান বিসিএস পররাষ্ট্র ক্যাডারের পঞ্চদশ ব্যাচের কর্মকর্তা। নাহিদা রহমান সুমনা একই ক্যাডারের সপ্তদশ ব্যাচের কর্মকর্তা।
নিউজিল্যান্ডের ওয়েলিংটনে দায়িত্ব নেওয়ার আগে সামিনা নাজ ভিয়েতনাম ও মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ওয়েলিংটনে তিনিই বাংলাদেশের প্রথম আবাসিক হাই কমিশনার।
২০১৩ সালে ভারতের মুম্বাইয়ে প্রথম ডেপুটি হাই কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার সময় সামিনা নাজের নেতৃত্বে প্রথমবারের মতো কোনো নারী কূটনীতিকের নেতৃত্বে বাংলাদেশের একটি মিশনের যাত্রা শুরু হয়। কূটনৈতিক জীবনে তিনি হেগ ও দিল্লির বাংলাদেশ মিশন এবং নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনেও বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
নাহিদা রহমান সুমনা গ্রিসের এথেন্সে রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার আগে চার বছর ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাই কমিশনার ছিলেন। দীর্ঘ কূটনৈতিক কর্মজীবনে তিনি ব্রাসিলিয়া, অটোয়া, কলকাতা ও ক্যানবেরায় বাংলাদেশের মিশনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে নওরীন আহসান ১৯৯৫ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। কূটনৈতিক কর্মজীবনে তিনি প্রিটোরিয়া, হেগ ও অটোয়ায় বাংলাদেশের মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

মন্তব্য করুন