খুলনার তেরখাদা উপজেলায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালাচ্ছে থানা পুলিশ। গত ৫ অক্টোবর থেকে শুরু হওয়া এই ধারাবাহিক অভিযানে মাদক কারবারি, সেবনকারী, নাশকতার মামলার আসামি এবং রাজনৈতিক নেতাকর্মীসহ মোট ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন পয়েন্টে অপরাধমূলক কর্মকাণ্ড রোধ, জুয়া দমন এবং নাশকতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে এই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধপ্রবণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে পুলিশের কড়া নজরদারি। তবে সুনির্দিষ্টভাবে কার বিরুদ্ধে কী ধরনের মামলা রয়েছে কিংবা ঠিক কী পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি।
খোঁজ নিয়ে জানা যায়, গত ১ অক্টোবর তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন আহম্মেদ আলী বিশ্বাস। এর আগে তিনি খুলনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির দায়িত্বে ছিলেন। নতুন এই কর্মস্থলে যোগদানের পর থেকেই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরহাতে নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি।
দায়িত্ব নেওয়ার পর থেকেই মাদক ও নাশকতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন এই পুলিশ কর্মকর্তা। সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে এবং এলাকায় দীর্ঘমেয়াদি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই বিশেষ অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।

মন্তব্য করুন