এলপি গ্যাসের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বারবার গ্যাসের দাম বাড়ানোর কারণে সাধারণ মানুষকে এখন ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ টাকায় সিলিন্ডার কিনতে হচ্ছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে জেলা এনসিপি আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও সিন্ডিকেটের পাশাপাশি নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। একই সঙ্গে এলপি গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ টেনে তিনি বলেন, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির কারণে দেশের অর্থনীতিও নিম্নমুখী হয়ে পড়েছে।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সময়ের মতোই দেশ পরিচালিত হচ্ছে। তার ভাষ্য, বিদেশে আওয়ামী লীগ এবং দেশে বিএনপির প্রভাবের কারণে দেশের মানুষ তাদের অধিকার ফিরে পাচ্ছে না।

চাকরিতে নিয়োগ থেকে শুরু করে সারের ডিলার নিয়োগ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ হচ্ছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, এর ফলে চাঁদাবাজি ও স্বৈরাচারী প্রবণতা একাকার হয়ে যাচ্ছে।

বিএনপির উদ্দেশে নাহিদ বলেন, দলটির চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে না পারলে তাদেরও আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে।

শরীয়তপুর জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে নাগরিক সভায় আরও বক্তব্য দেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম, এনসিপি নেত্রী শামসুন নাহার, ইমরান আল নাজির এবং জাতীয় শ্রমিক শক্তির সদস্য সচিব রিয়াজ মুর্শেদসহ অন্যরা।