পণ্য ও সেবায় আন্তর্জাতিক মান অনুসরণ এবং সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের সচেতনতা বাড়াতে গোপালগঞ্জে আজ পালিত হচ্ছে ‘বিশ্ব মান দিবস-২০২৬’। “উন্নত লক্ষ্য উন্নত বিশ্ব—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), গোপালগঞ্জের যৌথ উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
​আন্তর্জাতিক শীর্ষ তিন মান সংস্থা—আইএসও, আইইসি ও আইটিইউ নির্ধারিত প্রতিপাদ্যকে কেন্দ্র করে শিল্প মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় এসব কর্মসূচি পালিত হচ্ছে।
​দিবসটি উপলক্ষে আজ সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোপালগঞ্জের জেলা প্রশাসক আফিক-উজ-জামান। বিএসটিআই গোপালগঞ্জের উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান অনুর খালিদ রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. হাবিবুর রহমান।
​এই সচেতনতামূলক অনুষ্ঠানে গোপালগঞ্জসহ পার্শ্ববর্তী মাদারীপুর ও শরীয়তপুর জেলার শিল্প ও বণিক সমিতির নেতারা, ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা এবং সরকারি-বেসরকারি দপ্তরের দায়িত্বশীল প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
​আয়োজকেরা জানান, এ আয়োজনের মাধ্যমে স্থানীয় শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের মাঝে মানসম্মত পণ্য উৎপাদন, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখা এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের বিষয়ে সচেতনতা আরও বাড়বে।