জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের হারিয়ে যাওয়া ল্যাপটপ উদ্ধার করে তার কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দফতরে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি তার হাতে তুলে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

ল্যাপটপ হস্তান্তরের সময় পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হারানো ল্যাপটপ ফিরে পেয়ে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্রিল। একই সঙ্গে বাংলাদেশ ভ্রমণে তার ইতিবাচক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।

পুলিশ জানায়, বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখতে গত ২৩ সেপ্টেম্বর দেশে আসেন ক্রিল। বুধবার নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার জন্য অপেক্ষাকক্ষে অবস্থান করছিলেন তিনি।

একপর্যায়ে ল্যাপটপ ও ক্যামেরা সেখানে রেখে পাশের একটি এটিএম বুথে টাকা তুলতে যান ক্রিল। ফিরে এসে সেগুলো আর খুঁজে না পেয়ে নাটোর থানায় গিয়ে পুলিশের সহযোগিতা চান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হারিয়ে যাওয়া ল্যাপটপটিতে ক্রিলের গত ছয় মাসের কার্যক্রমের তথ্যসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সংরক্ষিত ছিল। তার লিখিত আবেদনের পর নাটোর সদর থানা, নাটোর জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে একাধিক দল ল্যাপটপ উদ্ধারে অভিযান শুরু করে।

অভিযানের একপর্যায়ে রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানার কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে ম্যাকবুকটি উদ্ধার করে পুলিশ।

বিদেশি পর্যটকের অভিযোগ দ্রুত নিষ্পত্তি ও হারানো ল্যাপটপ উদ্ধারে ভূমিকার স্বীকৃতি হিসেবে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়েছে। আইজিপি নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান এবং উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দেন।