হুথিদের হামলার পর সৌদি আরবের কয়েকটি বিমানবন্দরে আরোপিত বিধিনিষেধের কারণে ঢাকা থেকে সৌদিগামী এখন পর্যন্ত ৮৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ৩৬টি সরাসরি এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট। এতে মোট ১৩ হাজার ৪৯০ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বেবিচকের সর্বশেষ হিসাব অনুযায়ী, বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের পাঁচটি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইনসের ২২টি, সালামএয়ারের চারটি, ইজিপ্টএয়ারের একটি, এমিরেটস এয়ারলাইনসের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি এবং ফ্লাইদুবাইয়ের ছয়টি ফ্লাইট রয়েছে।

সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ৮৬টি ফ্লাইট বাতিল হওয়ায় এসব ফ্লাইটের যাত্রীদের ভ্রমণসূচিতে বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে। অনেক যাত্রীকে বিকল্প যাত্রার ব্যবস্থা করতে হচ্ছে, আবার কেউ কেউ অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করছেন।

এদিকে সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সৌদিগামী ফ্লাইট চলাচল নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফলে এসব রুটের যাত্রীদের ভ্রমণসূচি পরিবর্তন এবং ফ্লাইট বাতিলের কারণে ভোগান্তি আরও বাড়তে পারে।