গ্রাহকসেবার উৎকর্ষ নিশ্চিত করা এবং বীমা দাবির টাকা দ্রুততার সঙ্গে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র উদ্যোগে এক সুধী সমাবেশ, উন্নয়ন সভা ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানটির ‘পপুলার বীমা প্রকল্প’-এর আওতায় আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে বিপুল পরিমাণ গ্রাহকের পাওনা বাবদ মোট ৩ কোটি ১৮ লাখ ৮৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া জোনে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী।
পপুলার লাইফ ইন্স্যুরেন্সের জেলা সমন্বয়কারী মোঃ কারিয়াজ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী এবং সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সৈয়দ মোতাহার হোসেন।
এ সময় জোন ও কেন্দ্রীয় পর্যায়ের কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন ডিএমডি মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, সিনিয়র নির্বাহী উপ-সভাপতি (এসইভিপি) মোহাম্মদ সেলিম মিয়া, নির্বাহী পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর ও মোঃ সালাউদ্দিন হোসেন সাহাদসহ অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বি এম ইউসুফ আলী বলেন, “গ্রাহকের গচ্ছিত আমানতের সুরক্ষা ও যথাসময়ে বীমা দাবি পরিশোধ করাই পপুলার লাইফের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, প্রতিশ্রুতি রক্ষা ও স্বচ্ছতার মাধ্যমেই বীমা খাতের প্রতি মানুষের আস্থা বহুগুণ বৃদ্ধি সম্ভব।”
অনুষ্ঠান শেষে গ্রাহক ও তাঁদের স্বজনদের হাতে সরাসরি বীমা দাবির এই অর্থ তুলে দেওয়া হয়। যথাসময়ে আর্থিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত গ্রাহকরা।

মন্তব্য করুন