দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল এমআরটি লাইন-১ এর বিমানবন্দর-কমলাপুর রুটের নির্মাণকাজে গতি আসছে। চুক্তি প্যাকেজ-৩ এর আওতায় কমলাপুর, রাজারবাগ, মালিবাগ ও রামপুরা ভূগর্ভস্থ স্টেশনে ইউটিলিটি স্থানান্তরের কাজ চলতি মাসেই শুরু হচ্ছে। প্রকল্প পরিচালক মো. সারওয়ার উদ্দিন খান বুধবার এই তথ্য জানিয়েছেন।

প্রকল্প পরিচালক জানিয়েছেন, প্যাকেজ-৪ এর আওতায় নতুনবাজার, উত্তর বাড্ডা, বাড্ডা ও আফতাবনগর স্টেশনে ইউটিলিটি স্থানান্তরের কাজও এগিয়ে চলছে। এর মধ্যে উত্তর বাড্ডা, বাড্ডা ও আফতাবনগরে কাজ শুরু হয় ২০২৫ সালের ২০ জানুয়ারি। পাশাপাশি প্যাকেজ-৬ এর আওতায় বিমানবন্দর, টার্মিনাল-৩ ও খিলক্ষেত এবং প্যাকেজ-৫ এর আওতায় নর্দা স্টেশনে ইউটিলিটি স্থানান্তরের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

প্রকল্পের তথ্য অনুযায়ী, এমআরটি লাইন-১ বাস্তবায়ন হচ্ছে ১২টি চুক্তি প্যাকেজের মাধ্যমে। ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি নির্মাণকাজ শুরু হয়। ১২টি ভূগর্ভস্থ স্টেশনের আশপাশে ছড়িয়ে থাকা ইউটিলিটি লাইন একটি কমন করিডোরে আনতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কাজ করছে। যান চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

প্রকল্পটিতে ১৯.৮৭২ কিলোমিটার দীর্ঘ বিমানবন্দর রুটে ১২টি ভূগর্ভস্থ স্টেশন থাকবে, যা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কমলাপুরের সঙ্গে যুক্ত করবে। এছাড়া ১১.৩৬৯ কিলোমিটার পূর্বাচল রুটে সাতটি উড়াল ও দুটি ভূগর্ভস্থ স্টেশন থাকবে। প্রাথমিকভাবে ২০২৭ সালের মার্চের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হলেও কিছু কার্যক্রম আগামী বছরের অক্টোবর বা নভেম্বর পর্যন্ত চলতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।