রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর আগামীকাল বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম অফিস করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিন সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনসহ সরকারের শীর্ষ আমলাদের সাথে মতবিনিময় ও মন্ত্রিসভার বিশেষ বৈঠকের মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করবেন তিনি।

আজ মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। এর পরদিনই তিনি পুরোদমে প্রশাসনিক কার্যক্রম শুরু করছেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

স্মৃতিসৌধ থেকে ফিরে দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগে নিজের জন্য নির্ধারিত দপ্তরে প্রথম কার্যদিবস অতিবাহিত করবেন তিনি। সচিবালয়ে তার প্রথম দিনের কর্মসূচিতে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ সভা:

১. পরিচিতি সভা: শুরুতেই তিনি মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পরিচিত হবেন।
২. মন্ত্রিসভার প্রথম বৈঠক: বেলা ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে একটি বিশেষ বৈঠকে বসবেন তিনি। যদিও এই বৈঠকের কোনো সুনির্দিষ্ট এজেন্ডা রাখা হয়নি, তবে এটি হবে নতুন প্রশাসনের প্রথম নীতি-নির্ধারণী আলোচনা।
৩. সচিবদের সাথে মতবিনিময়: বিকেল ৪টায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সাথে বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী। আমলাতন্ত্রের শীর্ষ কর্মকর্তাদের সাথে এই সভায় তিনি নতুন সরকারের অগ্রাধিকার ও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে দিকনির্দেশনা দেবেন।

দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় ফেরা বিএনপির নেতৃত্বে গঠিত নতুন সরকারের প্রথম দিনেই এই কর্মব্যস্ত কর্মসূচি প্রশাসনিক স্তরে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আজ বিকেলে শপথ গ্রহণের পর রাতেই মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন ও প্রজ্ঞাপন জারি হতে পারে।