ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আজ মঙ্গলবার বিকেলে শপথ নিয়েছে নতুন মন্ত্রিসভা। ৪৯ সদস্যের এই বিশাল মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেও অনেক হেভিওয়েট ও আলোচিত নেতা শেষ মুহূর্তে বাদ পড়েছেন। দলীয় ও রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে থাকলেও আমন্ত্রিতদের তালিকায় নাম না থাকায় বিস্ময় সৃষ্টি হয়েছে।

বাদ পড়া আলোচিত নেতাদের তালিকায় রয়েছেন বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান ও মির্জা আব্বাস। এছাড়া আলোচনায় থাকলেও মন্ত্রিসভায় ডাক পাননি গয়েশ্বর চন্দ্র রায়, রুহুল কবির রিজভী, ড. ওসমান ফারুক ও আলতাফ হোসেন চৌধুরী।

কারাগার থেকে মুক্তি পাওয়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও ফজলুর রহমানও শেষ পর্যন্ত মন্ত্রিসভায় ঠাঁই পাননি। জোটের রাজনীতিতে সক্রিয় ড. রেজা কিবরিয়া, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নামও তালিকায় দেখা যায়নি। অন্যদিকে, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনও ডাক পাননি বলে জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এবার মন্ত্রিসভায় অভিজ্ঞদের পাশাপাশি তরুণ ও জোটের শরিকদের প্রাধান্য দেওয়া হয়েছে। নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ ও ডা. খলিলুর রহমানের মতো ব্যক্তিরা। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে তরুণ প্রজন্মের নুরুল হক নূর, জোনায়েদ সাকি ও ইশরাক হোসেনের অন্তর্ভুক্তিতে নতুনত্বের ছাপ দেখা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বয়োজ্যেষ্ঠ অনেক নেতাকে মূল মন্ত্রিসভায় না রেখে হয়তো দলের নীতিনির্ধারণী পর্যায়ে বা অন্য কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে পদায়নের পরিকল্পনা রয়েছে নতুন প্রধানমন্ত্রীর।