শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে চলাচলরত বালুবাহী নৌযান থেকে চাঁদা আদায়ের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে চাঁদাবাজির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন— নড়িয়া পৌরসভার ঢালীপাড়া এলাকার সোহাগ ব্যাপারী (৩৮), কানারগাঁও এলাকার রাকিব হাওলাদার (২৩) ও জাজিরা উপজেলার আমির মল্লিকের কান্দি এলাকার আরিফ মল্লিক ওরফে সানজিম (২১)।

পুলিশ জানায়, কয়েকদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ট্রলারে করে পদ্মা নদীতে বাল্কহেড থামিয়ে চাঁদা আদায় করছিল। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অভিযুক্তরা চলন্ত নৌযানে উঠে টাকা দাবি করছেন। বিষয়টি নজরে আসার পর পুলিশি অভিযানে প্রথমে রাকিব ও আরিফকে ট্রলারসহ আটক করা হয় এবং পরে তাদের তথ্যের ভিত্তিতে সোহাগকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে চাঁদাবাজির কথা স্বীকার করেছেন।

নড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত জানান, আটককৃতদের বিরুদ্ধে ২০০২ সালের আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা করা হয়েছে। এই চক্রের পেছনে অন্য কারোর মদত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে এ ঘটনায় শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ বলেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তাকে ছাড় দেওয়া হবে না। এলাকায় সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়ে তিনি মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কারের প্রতিশ্রুতি দেন।