স্থানীয় সরকার বিভাগের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার সরকারি ক্রয় কার্যক্রমে সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ছাড়া কোনো কাজ, সেবা বা পণ্য সরবরাহের জন্য নতুন দরপত্র বা ক্রয় প্রক্রিয়া এগিয়ে না নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়। নির্দেশনা অনুযায়ী, ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর আওতায় বিধিমালা প্রণয়ন শেষ না হওয়া এবং নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।
নির্দেশনায় সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্তটি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। অর্থাৎ জরুরি রাষ্ট্রীয় প্রয়োজন ছাড়া স্থানীয় সরকার বিভাগের আওতাধীন কার্য, সেবা ও পণ্য সরবরাহের জন্য দরপত্র বা ক্রয়সংক্রান্ত নতুন কার্যক্রম আপাতত এগোবে না।
এই নির্দেশনা পাঠানো হয়েছে দেশের সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের প্রশাসক এবং পৌরসভার প্রশাসকদের কাছে।
স্থানীয় সরকার বিভাগের এই পদক্ষেপের ফলে নতুন ক্রয় প্রক্রিয়া শুরুর ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আপাতত নতুন নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে। তবে রাষ্ট্রীয় জরুরি বিষয় এর আওতামুক্ত রাখা হয়েছে।

মন্তব্য করুন