মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে নারায়ণগঞ্জের পঞ্চবটি পর্যন্ত নির্মাণাধীন ৯ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগামী ডিসেম্বরের মাঝামাঝি যান চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, প্রকল্পের অসমাপ্ত কাজ দ্রুত এগিয়ে চলছে এবং সার্বিক অগ্রগতি সন্তোষজনক। নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করে ডিসেম্বরের মাঝামাঝি সম্ভাব্য উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী বলেন, এক্সপ্রেসওয়েটি চালু হলে মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এর ফলে সাধারণ মানুষের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রকল্প পরিদর্শনের সময় স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন উপস্থিত ছিলেন। এ সময় মুক্তারপুর সেতুর টোল মওকুফ বা নামমাত্র টোল নির্ধারণের স্থানীয় দাবির বিষয়েও আলোচনা হয়।
মন্ত্রী জানান, সেতু ও সড়ক ব্যবস্থাপনায় টোল নীতিমালা অনুসরণ করেই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে স্থানীয় জনপ্রতিনিধির উত্থাপিত যুক্তিসঙ্গত দাবিটি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।
এ ছাড়া মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ক্যামেরা ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তাঁর মতে, এসব প্রযুক্তি সড়ক নিরাপত্তা ও যান চলাচলে শৃঙ্খলা বাড়াতে ভূমিকা রাখবে।

মন্তব্য করুন