বাংলাদেশ সফরে আসছেন মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী আলেম ও পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানি। আগামী ২২ নভেম্বর তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সপ্তাহব্যাপী সফর শেষে ২৮ নভেম্বর তিনি নিজ দেশে ফিরে যাবেন।
রোববার রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক ও শাইখুল হাদিস মুফতি মিজানুর রহমান সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সফরসূচি অনুযায়ী, ২২ নভেম্বর রোববার বাদ জোহর রাজধানীর কাওলা নামাপাড়ায় শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে আয়োজিত ১৫ সালা দস্তারবন্দী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মুফতি তাকি উসমানি। সফরকালে ঢাকার এই সম্মেলন ছাড়াও আরও কয়েকটি অনুষ্ঠানে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
আয়োজকরা জানান, ১৫ সালা দস্তারবন্দী মহাসম্মেলনে মুলতানের খাইরুল মাদারিসের মুহতামিম ও পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্ধরীও উপস্থিত থাকবেন।
আন্তর্জাতিক অঙ্গনে ইসলামি ফিকহ, হাদিস ও ইসলামি অর্থনীতির বিশেষজ্ঞ হিসেবে পরিচিত মুফতি মুহাম্মদ তাকি উসমানি বর্তমানে পাকিস্তানের দারুল উলুম করাচির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি দেশটির সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের সাবেক বিচারপতি ছিলেন।




মন্তব্য করুন