দেশের বাজারে ভোজ্যতেলের দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৩ টাকা বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৩ টাকা বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা পাম অয়েলের দাম আগের মতোই লিটারপ্রতি ১৬৬ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধকালীন বৈশ্বিক সংকটের সময় বোতলজাত সয়াবিনের সর্বোচ্চ দাম ছিল ২০৫ টাকা এবং খোলা সয়াবিনের দাম ছিল ১৮৫ টাকা।

নতুন এই মূল্যবৃদ্ধির ফলে চলতি বছরে কয়েক দফায় প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম মোট ১২ টাকা বাড়ল। বছরের শুরুতে এই তেলের দাম ছিল ১৯৫ টাকা। পরবর্তীতে ২৯ এপ্রিল ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা এবং ২ সেপ্টেম্বর ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছিল। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, এক বছরের ব্যবধানে খোলা সয়াবিন ও পাম অয়েলের দাম ১০ শতাংশ এবং বোতলজাত সয়াবিন তেলের দাম ৭ শতাংশ বেড়েছে।

সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, ২ সেপ্টেম্বরের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও পাম অয়েলের বুকিং দর এবং ডলারের বিনিময় হার বৃদ্ধি পেয়েছে। আসন্ন রমজানে পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম সমন্বয় করা জরুরি হয়ে পড়েছিল।

অন্যদিকে, সরকারের এই সিদ্ধান্তকে ‘দায়িত্বহীন’ বলে আখ্যা দিয়েছেন কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন। তিনি অভিযোগ করেন, রমজানের আগে দাম বাড়ানোর কৌশল হিসেবে আমদানিকারকরা কৃত্রিমভাবে সরবরাহ বন্ধ রেখে সরকারকে দাম বাড়াতে বাধ্য করেছেন। এতে সীমিত আয়ের মানুষের ওপর চাপ ও বাজারের অস্থিরতা আরও বাড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

এদিকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্যমতে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ৮ লাখ ২৩ হাজার টন ভোজ্যতেল আমদানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৬ দশমিক ৭ শতাংশ বেশি।

খুচরা বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে খোলা তেল বিক্রির অভিযোগও রয়েছে। কারওয়ান বাজারের আব্দুর রব স্টোরের স্বত্বাধিকারী মো. নাঈম জানান, ডিলাররা অঘোষিতভাবে দাম বাড়িয়ে দেওয়ায় খুচরা ব্যবসায়ীরা বিপাকে পড়ছেন। এমন পরিস্থিতিতে বাজারে কৃত্রিম সংকট, অবৈধ মজুত ও বাড়তি দামে তেল বিক্রি বন্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।