নিজেদের স্ত্রীদের হত্যার পর মরদেহ জঙ্গলে মাটিচাপা দেওয়ার অভিযোগে ভারতের ঝাড়খণ্ডের গুমলা জেলায় দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত দুই ভাইয়ের বাবা-মাকেও গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গ্রেফতার হওয়া দুই ভাইয়ের নাম শিবশঙ্কর সাহু ও নবীন সাহু। তাদের বাবা-মা হলেন সমেশ্বর সাহু ও তিলেশ্বরী দেবী।

গুমলার পুলিশ সুপার হরিস বিন জামা জানান, দুই নারীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ নিয়ে দুই ভাই ক্ষুব্ধ ছিলেন। তবে হত্যাকাণ্ডের মাত্র দুই দিন আগে দুই স্ত্রীর মধ্যে বিরোধ মিটে গিয়ে সম্পর্ক স্বাভাবিক হয়েছিল।

পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার দুই ভাই তাদের স্ত্রী মিনি প্রিয়া (২৮) ও রাধিকা কুমারীকে (২০) হত্যা করেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল জব্দ করেছে পুলিশ এবং মরদেহ দুটি অ্যাম্বুলেন্সে করে পাশের সিমডেগা জেলার একটি জঙ্গলে নিয়ে মাটিচাপা দেওয়া হয়। ওই অ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার জানান, মঙ্গলবার প্রথমে দুই ভাই পুলিশকে বলেছিলেন যে তাদের স্ত্রীরা না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন। দীর্ঘ জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।

তাদের স্বীকারোক্তির ভিত্তিতে সিমডেগা জেলার ওই জঙ্গল থেকে মাটি খুঁড়ে দুই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার দিন সোমবার সকাল ৯টার দিকে নিহত নারীদের স্বজনদের সঙ্গে তাদের কথা হয়েছিল এবং তখন সবকিছু স্বাভাবিক মনে হয়েছিল বলে জানিয়েছেন পুলিশ সুপার।