রাজধানীর বাজারে ২০০ টাকার নিচে কোনো মাছ পাওয়া যাচ্ছে না। তেলাপিয়া ও পাঙ্গাসের মতো সাধারণ মাছের কেজি ২০০ টাকার ওপরে উঠেছে, আর গলদা চিংড়ি বিক্রি হচ্ছে অন্তত ৮০০ টাকা কেজিতে। ইলিশ, চিংড়ি ও দেশি মাছের দরও ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে।
সবজির বাজারেও চড়া দাম নিয়ে ক্ষুব্ধ ক্রেতারা। সিম, টমেটো, করলা, বেগুন ও কাঁচামরিচের দাম একশ টাকার ঘরে পৌঁছেছে। প্রতি পিসে ২০ টাকা বেড়ে লাউ বিক্রি হচ্ছে ৮০ টাকায়।
দোকানদারদের অভিযোগ, পাইকারি বাজারে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্যের পাশাপাশি কয়েলি প্রথা ফের চালু হওয়ায় প্রতি পাল্লায় বাড়তি ৫ টাকা দিতে হচ্ছে। এ ছাড়া কারওয়ান বাজারে গত তিন দিন ধরে প্রতিটি ভ্যান বা গাড়ি থেকে ৪০ টাকা করে আদায় করার অভিযোগ উঠেছে।
অন্যদিকে, ফসল নষ্ট হওয়ার মতো বৃষ্টির কারণে মৌসুমের এই সময়ে কাঙ্ক্ষিত সরবরাহ না পাওয়ার কথা বলছেন বিক্রেতারা, যদিও বাজারে শীতকালীন সবজির যোগান সন্তোষজনক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মাংস ও ডিমের বাজারে মিশ্র চিত্র দেখা গেছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৮০ টাকায় বিক্রি হচ্ছে এবং গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। তবে বড় বাজারগুলোতে ডজনপ্রতি ১০ টাকা কমে লাল ডিম বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়।



মন্তব্য করুন