৭ উইকেটে পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।
শুক্রবার (৬ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যুব এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল।
টস হেরে ব্যাট করতে নেমে ইকবাল ইমন এবং মারুফ মৃধার তোপে ৩৭ ওভারে ১১৬ রান করে প্রথম ইনিংসে অলআউট হয় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ২৭ ওভার ৫ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
রান তাড়ায় নেমে শুরুতে সুবিধা করতে পারেনি বাংলাদেশও। ১৪ বল খেলেও কোনো রান না করেই ফিরে যান কালাম সিদ্দিকী। এরপর আরেক ওপেনার জাওয়াদ আবরারও ২৫ বলে ১৭ রান করে আব্দুল সোবহানের বলে ক্যাচ দেন।
২৮ রানে দুই উইকেট হারিয়ে ফেলার পর চাপ কিছুটা বাড়ে বাংলাদেশের জন্যও। তবে অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও শিহাব জেমসের জুটিতে সেটি কাটিয়ে উঠে তারা।
দুজনের ৫৭ রানের জুটি ভাঙে ৩৬ বলে ২৬ রান করে নাভিদ আহমেদের বলে শিহাব আউট হলে। তবে ততক্ষণে ম্যাচ অনেকটাই বাংলাদেশের নিয়ন্ত্রণে। হাফ সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তামিম। ৭ চার ও ৩ ছক্কায় ৪২ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন তিনি।
এদিকে বাংলাদেশের পক্ষে ৭ ওভারে ২৪ রান দিয়ে চার উইকেট তুলে নেন ইকবাল হোসেন ইমন। মারুফ দুই ও আল ফাহাদ, দেবাশীষ দেবা পান একটি করে উইকেট।
Facebook Comments Box

মন্তব্য করুন