টানা তিন ম্যাচে মাঠের বাইরে থাকার পর ইন্টার মায়ামির হয়ে অবশেষে ফিরলেন লিওনেল মেসি, আর প্রত্যাবর্তনটা হলো স্বপ্নের মতো। কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ক্যাভালিয়েরের বিপক্ষে ২-০ গোলের জয়ে অবদান রাখলেন মেসি ও লুইস সুয়ারেজ।
ম্যাচের শুরুতে বেঞ্চে ছিলেন আর্জেন্টাইন মহাতারকা। প্রথমার্ধে সুয়ারেজের সফল স্পট কিকে এগিয়ে যায় মায়ামি। এরপর দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে মাঠে নামেন মেসি। দর্শকরা অপেক্ষায় ছিলেন তার জাদুকরী ফুটবল দেখার, আর সেই অপেক্ষার অবসান ঘটল ইনজুরি সময়ে। সতীর্থ সান্তিয়াগোর পাস ধরে বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে জালের ঠিকানা খুঁজে নেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।
জ্যামাইকান দর্শকদের জন্যও ম্যাচটি ছিল বিশেষ। প্রথমবারের মতো তাদের মাটিতে খেলতে নেমেছিলেন মেসি। তার খেলা দেখার সুযোগ করে দিতে ৩ হাজার ধারণক্ষমতার মাঠ থেকে ম্যাচটি সরিয়ে আনা হয় ৩৫ হাজার দর্শক ধারণক্ষম ন্যাশনাল স্টেডিয়াম ইনডিপেনডেন্টস পার্কে।
মেসি-সুয়ারেজের দুর্দান্ত পারফরম্যান্সে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের ব্যবধানে জয় নিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে ইন্টার মায়ামি। মেসির পায়ের জাদুতে মুগ্ধ জ্যামাইকান দর্শকরা সাক্ষী থাকলেন আরেকটি স্মরণীয় রাতের।

মন্তব্য করুন