জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ের কাউন্সিল কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

এসময় উপাচার্য বলেন, “জাকসুতে নির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন ও স্বাগত জানাই। নির্বাচনের আগে নির্বাচিত প্রার্থীরা শিক্ষার্থীদের কল্যাণে যেসব প্রতিশ্রুতি ও ইশতেহার দিয়েছিল সেসব বাস্তবায়নেরও আহবান জানান তিনি।”

প্রথম কার্যনির্বাহী সভার বিষয়ে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, “আজ জাকসুর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। আশাকরি শিক্ষার্থীদের চাওয়া পাওয়াগুলো পূর্ণতা পাবে এসব মিটিং এর মাধ্যমে।”

সভায় জাকসুর নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) জনাব আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক (জিএস) জনাব মো. মাজহারুল ইসলামসহ মোট পঁচিশ সদস্যের বাইশ জন উপস্থিত ছিলেন।

অনুপস্থিত তিনজনের মধ্যে একজন দেশের বাইরে অবস্থান করছেন এবং বাকী দুইজনের পরীক্ষা থাকায় তারা সভায় উপস্থিত থাকতে পারেননি।

সভাটি পরিচালনা করেন জাকসুর নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) মো. মাজহারুল ইসলাম।

Facebook Comments Box