ইরানের মাশহাদ শহরে অনুষ্ঠিত ৪১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবারের আয়োজনে নারীদের কোরআন হিফজ (মুখস্থ) বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে বাংলাদেশকে গর্বিত করেছেন মোতাহহারা লাবিবা।
২৭ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩০ জানুয়ারি পর্যন্ত চলা এ প্রতিযোগিতায় নারীদের হিফজ বিভাগে প্রথম হয়েছেন ইরানের ফাতেমে দালিরি এবং তৃতীয় হয়েছেন ইয়েমেনের আফনান রাশাদ আলী ইয়াকুব।
সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, যেখানে উপস্থিত ছিলেন ইরানের সংস্কৃতি ও ইসলামী দিকনির্দেশনা মন্ত্রী সাইয়্যেদ আব্বাস সালেহি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়া, নারীদের তারতিল বিভাগে প্রথম হয়েছেন ইরানের গাজালহ সোহেইলিজাদে, দ্বিতীয় হয়েছেন নাইজেরিয়ার আয়েশা মুহাম্মদ ইবনে মুত্তালিব এবং তৃতীয় স্থান অর্জন করেছেন লেবাননের হাওরা হায়দার হামজি।
পুরুষদের বিভাগেও হয়েছে জমজমাট প্রতিযোগিতা। তারতিল বিভাগে ইরানের মোজতবা কাদবেগি প্রথম, ইরাকের হায়দার আলী ইবনে মুহাম্মদ আল-মুসাভি দ্বিতীয় এবং লেবাননের কাসেম মুহাম্মদ হামদান তৃতীয় হয়েছেন।
এদিকে, তেলাওয়াত বিভাগে ইরানের সাইয়্যেদ মোহাম্মদ হোসেইনিপুর চ্যাম্পিয়ন হয়েছেন, মিশরের মুহাম্মদ হোসেইন মুহাম্মদ দ্বিতীয় এবং ইরাকের আহমদ রাজাক আল-দুলফাইন তৃতীয় স্থান অর্জন করেছেন।
পুরুষদের হিফজ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ইরানের মোহাম্মদ খাকপুর, দ্বিতীয় হয়েছেন লিবিয়ার মুর্তজা হোসেন আলী আকাশ এবং তৃতীয় হয়েছেন মিশরের আহমেদ মুহাম্মদ সালেহ ইব্রাহিম ইসা।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীদের অসাধারণ কোরআন চর্চা ও দক্ষতা এ প্রতিযোগিতাকে করেছে অনন্য। বাংলাদেশের লাবিবার এ অর্জন দেশবাসীর জন্য গর্বের বিষয়।
সূত্র: তেহরান টাইমস

মন্তব্য করুন