কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটির নিকটবর্তী এলাকায় সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সমিতি পাড়ায় সংঘটিত এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।
চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিমান ঘাঁটির কাছে সংঘর্ষের সময় গুলিতে একজন প্রাণ হারিয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।” তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের তৎপরতার কথাও উল্লেখ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, “সমিতি পাড়ার কিছু অসাধু ব্যক্তি বিমান বাহিনীর কক্সবাজার ঘাঁটিতে অতর্কিতভাবে হামলার চেষ্টা করেছে। এর জবাবে বিমান বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।”
নিহত যুবক শিহাবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে ঘাঁটির দিকে এগিয়ে আসেন। এ সময় দুপুর ১২টার দিকে কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নেতা লুৎফর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং জনতাকে সরিয়ে দেন। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শান্তি রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন