অবৈধভাবে লিবিয়া পাড়ি দিয়ে আটক, বিপদগ্রস্ত ও পাচারের শিকার হওয়া ১৭৬ জন বাংলাদেশি আজ বৃহস্পতিবার ভোরে দেশে ফিরেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ভোর সোয়া ৪টার দিকে।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ধারাবাহিক ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আইওএমের সহযোগিতায় এসব বাংলাদেশিকে দেশে ফেরানো হয়েছে। ফেরত আসাদের মধ্যে ১০৬ জন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন এবং বাকি ৭০ জন স্বেচ্ছায় দেশে ফিরেছেন।
দূতাবাস আরও জানিয়েছে, আগামী ১৯ ও ২৬ মার্চ আরও দুটি ফ্লাইটে তিন শতাধিক বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হবে।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে এ পর্যন্ত ৯ হাজারের বেশি বাংলাদেশিকে দেশে ফেরানোর ব্যবস্থা করেছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস। বিশেষ করে ২০২৩ সালের জুলাই থেকে এখন পর্যন্ত চার হাজার ৪০৫ জন বাংলাদেশিকে নিরাপদে প্রত্যাবাসন করা হয়েছে।

মন্তব্য করুন